‘৭ দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে’

জাতীয়
‘৭ দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে’
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেছেন, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মামলার বিচারিক কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে ঘটনার সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান আসামি তার স্ত্রীর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেন। এর ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং তা আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আদালতের ছুটির বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ আদালতের কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটরও নিয়োগ দেওয়া হয়েছে।

ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং অপসংস্কৃতির প্রভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তবে সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে সংঘটিত এ ধরনের প্রতিটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সংলাপে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।