প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সরাসরি নির্দেশনার পর রাজধানীতে অপহৃত এক স্কুলছাত্রকে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ছেলেটি অপহৃত হওয়ার খবর পেয়ে তার বাবা—যিনি সচিবালয়ের একজন কর্মচারী—প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি সরাসরি জানান। এ সময় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, অপহৃত ছাত্র খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল, সেই সূত্র ধরে পুলিশ যোগাযোগ শুরু করে। টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে নম্বর সংগ্রহের চেষ্টা করা হয়। কিছু সময় দর-কষাকষির পর প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন, যার ফলে অল্প সময়ের মধ্যেই সফল উদ্ধার অভিযান সম্ভব হয়েছে।