মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অপব্যবহারের ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে না। মুক্তিযোদ্ধারা যে অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, তা নতুন প্রজন্মের অনেকেরই অজানা।
মন্ত্রী আরও বলেন, “মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।” সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


