দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তালাক দেয় স্বামী, ঘরছাড়া তারাফুল বেগম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর নিষেধ অমান্য করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ঘরছাড়া হয়েছেন তারাফুল বেগম (৫৫) নামের এক গৃহবধূ। অভিযোগ উঠেছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে মৌখিক তালাকও দিয়েছেন তার স্বামী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকেই স্বামীর বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।
জানা গেছে, তারাফুল বেগমের স্বামী সৈবুর রহমান স্থানীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন কর্মী। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তারাফুল বেগম আত্মীয়ের বাড়িতেই ছিলেন।
তারাফুল বেগম বলেন, “৩৩ বছর ধরে স্বামীর সংসার করছি। এবারের নির্বাচনে আমি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছি। এ কারণে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং রাগের মাথায় মৌখিক তালাক দিয়েছেন।”
এ বিষয়ে সৈবুর রহমান বলেন, “আমার ভুল হয়েছে। রাগের মাথায় মৌখিক তালাক দিয়েছি। এখন আমি স্ত্রীকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু সে আসতে চাচ্ছে না।”
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে যদি তাকে তালাক দেওয়া হয়ে থাকে, তাহলে দল তার পাশে থাকবে।”
এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-র শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, “ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দেওয়া স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।”


