সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ইসি সচিবের

জাতীয়
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ইসি সচিবের
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটগ্রহণের দিন সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ব্যাপক সমালোচনার মুখে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।

এর আগে রোববার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

এই নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোবাইল ফোন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও সমালোচনার প্রেক্ষিতেই ইসি সচিবালয়ের পক্ষ থেকে এই অবস্থান জানানো হয়েছে।