নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি

জাতীয়
নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হওয়া শঙ্কা নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরদিন শুক্রবারের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে যেসব উদ্বেগ ও শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল ঘোষণায় তিন দিনের কোনো প্রয়োজন নেই। আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারের ফলে ফল দ্রুত সংগ্রহ ও সংকলন করা সম্ভব হবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে তথ্য পৌঁছাতে সামান্য সময় লাগতে পারে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী মিলিয়ে ১১ থেকে ১২ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে পুরো নির্বাচন পরিচালিত হবে।

ভোটগ্রহণের দিন মনিটরিং ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে একটি বিশেষ ফ্যাক্ট-ফাইন্ডিং সেল সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান নির্বাচন কমিশনার।