হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির-জাবির’ এবং ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।


