গণসংযোগে ধানের শীষ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১০ আহত

দেশজুড়ে
গণসংযোগে ধানের শীষ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১০ আহত
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকদের মধ্যে গণসংযোগ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিল্টন বৈদ্য কলস প্রতীকের সমর্থক নিয়ে গণসংযোগে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে মুখোমুখি অবস্থান হয়। উভয় পক্ষের স্লোগান এবং উত্তেজনার কারণে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আহতদের মধ্যে রয়েছেন বেল্লাল ব্যাপারী, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর, জহিরুল ইসলাম প্রমুখ। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করেন, ধানের শীষের সমর্থকরা হঠাৎ হামলা চালিয়ে কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া দাবি করেন, “আমার সমর্থকদের প্রতিরোধে উত্তেজনা তৈরি হয়েছে। কোনো মারামারি হয়নি, তবে নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর হয়েছে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”