লক্ষ্মীপুরে অবৈধ ভোট সিল জব্দে জামায়াত নেতার সংশ্লিষ্টতার অভিযোগ, মামলা দায়ের

দেশজুড়ে
লক্ষ্মীপুরে অবৈধ ভোট সিল জব্দে জামায়াত নেতার সংশ্লিষ্টতার অভিযোগ, মামলা দায়ের
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে অবৈধভাবে নির্বাচনের জন্য তৈরি করা ভোট সিল জব্দ করার ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার তদন্তকারীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হয়েছেন সোহেল, তবে জামায়াত নেতা শরীফ এখনো আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানার উপ-পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে হুমায়ুন কবীরের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়।

পুলিশ জানায়, আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের মালিক। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াত নেতা শরীফ ৩০ জানুয়ারি সোহেলের কাছে ৫টি নির্বাচনী সিলের অর্ডার দেন। এ সংক্রান্ত ভয়েস ম্যাসেজও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পুলিশ বলছে, এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।

ঘটনার প্রেক্ষিতে জেলা জামায়াতের আমির জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জামায়াতের অন্য নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, জাল ভোট এবং জালিয়াতির উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম পাল্টা সংবাদ সম্মেলনে দাবি করেছেন, আটক সোহেল জামায়াতের কেউ নন।

তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, গ্রেপ্তার সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি শরীফকে ধরা জন্য অভিযান চলমান রয়েছে এবং অন্য কোনো জড়িত ব্যক্তি আছে কি না তা তদন্ত চলছে।