বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান তিনি।
গাজী আব্দুর রহীম রুহী বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও আসনের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেত্রকোনা-২ আসনের উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তটি একক নয়, বরং দলীয়ভাবে গৃহীত। এ সময় তিনি জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের বিরুদ্ধে রাজনৈতিক মুনাফিকির অভিযোগ করেন। তার দাবি, পারস্পরিক যোগাযোগ থাকলেও কোনো কার্যকর ঐক্যে পৌঁছানো সম্ভব হয়নি।
গাজী আব্দুর রহীম অভিযোগ করেন, অতীতেও জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কিন্তু বাস্তব কোনো সহযোগিতায় এগিয়ে আসেনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


