নিরপেক্ষতা হারালে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

জাতীয়
নিরপেক্ষতা হারালে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
নিউজ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসনের কোনো সদস্য নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে নির্বাচন কমিশন তার ক্ষেত্রে ভয়ানক কঠিন অবস্থান নেবে।

শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও কমিশন নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় দেবে না। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবার ভোটের মাধ্যমেই জিততে হবে। দুই নম্বরির কোনো সুযোগ নেই। সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, ত্রাস কিংবা মব যেন দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়।”

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তনের বিষয় নয়; এর সঙ্গে জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রশ্ন জড়িত। এটি কোনো নিয়মরক্ষার নির্বাচন নয় বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলো যেন ভোটারদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেন তিনি।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।