গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণায় সরকারি কর্মকর্তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করলো ইসি
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো সরকারি কর্মকর্তা। এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, গণভোট সংক্রান্ত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা জনগণকে গণভোটের বিষয় সম্পর্কে অবহিত করতে পারবেন, তবে কোনো পক্ষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ইসি আরও জানায়, এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী, সরকারি কর্মকর্তা কর্তৃক ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট আইন ও বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।


