বাংলাদেশ–কোস্টারিকা সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা

জাতীয়
বাংলাদেশ–কোস্টারিকা সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা
নিউজ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ও কোস্টারিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। কোস্টারিকার প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনার ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করার সম্ভাবনা তুলে ধরা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট চাভেস বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকায় তার সফরের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেন। রাষ্ট্রদূত প্রেসিডেন্টের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে বৃহস্পতিবার কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে আংগারমুলারের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

পরিচয়পত্র পেশের পর সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও কোস্টারিকার মধ্যে ব্যবসা-থেকে-ব্যবসা সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষভাবে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু অভিযোজন খাতে সহযোগিতা এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেন।

ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে আংগারমুলার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কোস্টারিকার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্র সুসংহত রাখা এবং নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

একই দিনে কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথক বৈঠক করেন রাষ্ট্রদূত মুশফিক। বৈঠকে বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ এবং কোস্টারিকার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি জনশক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত ২০৩১–৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন কামনা করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।

সফরকালে রাষ্ট্রদূত সান হোসেতে অবস্থিত ‘মেডিগ্রেই’ নামের একটি ওষুধ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা তুলে ধরেন। পাশাপাশি তিনি কোস্টারিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেন।