বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে পারে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান

জাতীয়
বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে পারে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকে জেএফ-১৭ থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর সদর দপ্তর সফর করেন। সেখানে তিনি পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল চীন-পাকিস্তান যৌথভাবে নির্মিত চতুর্থ প্রজন্মের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির সম্ভাবনা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেএফ-১৭ থান্ডার একটি আধুনিক ও বহুমুখী যুদ্ধবিমান, যা ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে সংঘাতের সময় কার্যকর সক্ষমতার প্রমাণ দিয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর চলমান আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি বর্তমানে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

বৈঠকে পাকিস্তান বিমানবাহিনী প্রধান বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন বিমানবাহিনী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্যাডেটদের জন্য প্রাথমিক থেকে উচ্চতর পর্যায়ের উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্স অব্যাহত থাকবে।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আকাশসীমা নিরাপত্তা জোরদারে রাডার ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করতে পাকিস্তানের কারিগরি সহায়তা কামনা করেন।

আইএসপিআর আরও জানায়, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উভয় দেশই প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দল পাকিস্তান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অপারেশনাল সুবিধা পরিদর্শন করেন। পাশাপাশি, বাংলাদেশ বিমানবাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ছাড়াও এসব বিমানের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা কাঠামো গড়ে তোলার আশ্বাস দেয় পাকিস্তান বিমানবাহিনী।