আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “জাতিসংঘ সাধারণত নির্বাচন পর্যবেক্ষণ পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে নির্দিষ্ট ম্যান্ডেট থাকে। এটি এখন আমাদের কাজের অংশ নয়।”
ডুজারিক আরও জানান, যদিও সরাসরি পর্যবেক্ষক পাঠানো হবে না, তবে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় নির্বাচনের ক্ষেত্রে কারিগরি সহায়তা দিতে পারে। “এ ধরনের কারিগরি সহায়তা আমরা প্রায়ই দিয়ে থাকি,” তিনি বলেন।
ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে ডুজারিক মন্তব্য করেন, “আমি সংবাদ মূল্যায়ন করি না। তবে বাংলাদেশের জনগণ যেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেটি জাতিসংঘ সমর্থন করবে।”
এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর জাতিসংঘের কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকবে।


