ইএএসডির জরিপ

নির্বাচনে বিএনপির পক্ষে ৭০ শতাংশ ভোট, জামায়াত দ্বিতীয় অবস্থানে

জাতীয়
নির্বাচনে বিএনপির পক্ষে ৭০ শতাংশ ভোট, জামায়াত দ্বিতীয় অবস্থানে
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বড় অংশের ভোটার বিএনপিকে সমর্থন করতে চান—এমন তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক জনমত জরিপে। জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যেখানে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন রয়েছে ১৯ শতাংশ ভোটারের। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ সমর্থন।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপের ফলাফল সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে প্রকাশ করা হয়। জরিপ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

ইএএসডি জানায়, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম পরিচালিত হয় ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এ প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির পক্ষে মত দেন। জামায়াতকে সমর্থন জানান ১৯ শতাংশ, এনসিপিকে ২.৬ শতাংশ, অন্যান্য দলকে ৫ শতাংশ এবং ভোট না দেওয়ার কথা জানান শূন্য দশমিক ২ শতাংশ ভোটার।

জরিপে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলক বেশি। নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন করেছেন, যা পুরুষ ভোটারদের চেয়ে সামান্য এগিয়ে।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপি সর্বোচ্চ ৭৪ শতাংশ সমর্থন পেয়েছে। অন্যদিকে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াত তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে—বরিশালে ২৯ শতাংশ এবং খুলনায় ২৫ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থনের কথা জানিয়েছেন। রংপুর অঞ্চলে জাতীয় পার্টির সমর্থন ৫.২ শতাংশ, যা অন্যান্য বিভাগের তুলনায় বেশি। জাতীয় পার্টির মোট সমর্থন ১.৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তা ০.১ শতাংশ।

‘নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে’—এ প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিএনপিই সরকার গঠন করবে। জামায়াতের সম্ভাবনার কথা বলেছেন ১৭ শতাংশ ভোটার, আর এনসিপির ক্ষেত্রে এই হার ১ শতাংশের কিছু বেশি।

একই সঙ্গে জরিপে আওয়ামী লীগের সাবেক ভোটারদের রাজনৈতিক অবস্থানও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, তাদের ৬০ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। ২৫ শতাংশ জামায়াতকে এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থনের কথা জানিয়েছেন।

ইএএসডির জরিপ অনুযায়ী, ভোটের প্রবণতা ও জনমতের এই চিত্র আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।