আইনগত পর্যালোচনার পর আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

জাতীয়
আইনগত পর্যালোচনার পর আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

আইনগত দিক ও প্রক্রিয়াগত বিষয় যাচাই-বাছাই শেষ হওয়ার পরই বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সম্প্রতি আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখাই কাম্য। তবে দুঃখজনকভাবে এই ক্ষেত্রে খেলাধুলার ভেতরে রাজনীতি ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাধারণত দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়া কার্যক্রম সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কিন্তু এখানে তার বিপরীত চিত্র দেখা গেছে। একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়ার সিদ্ধান্ত জনমনে আঘাত সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্তে দেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রেক্ষাপটে সরকারেরও একটি অবস্থান নেওয়া প্রয়োজন।

তথ্য উপদেষ্টা জানান, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের আগে এর আইনগত ভিত্তি এবং অনুসরণযোগ্য প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু পর্যালোচনা শেষে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।