কড়া নিরাপত্তায় জিয়া উদ্যান এলাকা, ভেতরে চলছে কুরআন খতম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের দ্বিতীয় দিনেও তার সমাধি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানের মূল অংশে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জিয়া উদ্যানের মূল ফটক (বেইলি ব্রিজ) এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। সংসদ ভবনের বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
দুপুর পৌনে ১২টা পর্যন্ত মাজারের ভেতরে শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাধারণ দর্শনার্থীদের মাজার এলাকায় ঢুকতে দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একাধিক হাফেজ সমাধিস্থলে প্রবেশ করেন। তারা সেখানে পবিত্র কুরআনের খতম পাঠ করছেন। মূল ফটকসহ পুরো জিয়া উদ্যান এলাকাকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে।
এর আগে সকাল ১১টা পর্যন্ত সমাধির সামনের সড়কটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়। বিজয় সরণি ও মীর মুগ্ধ চত্বর পর্যন্ত বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিকেড তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


