ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সরকারের ৩০৯ কোটি টাকার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতা ও একাধিক মন্ত্রীসহ মোট ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান এই নিষেধাজ্ঞার আবেদন করেন। সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা সাবেক মন্ত্রীরা হলেন: আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসাইন, ওবায়দুল কাদের, আনিসুল হক, মো. আব্দুল মান্নান। এছাড়া অন্যরা হলেন এম এ এন সিদ্দিক, রফিকুল জলিল, মোহাম্মদ শফিকুল কারীম, মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসাইন খান, মো. আব্দুস সালাম, মনির উজ জামান চৌধুরী, সেলিনা চৌধুরী এবং মো. ইকরাম ইকবাল।
আদালতে বলা হয়, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড ৫ বছরের মেয়াদে ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল গ্রহণ করে। এতে সরকারের ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকার ক্ষতি হয়। আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা করে নিজস্ব স্বার্থে অর্থ আত্মসাৎ করেছেন।
আদালত জানায়, আসামিরা দেশত্যাগ করলে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


