জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। অভিযুক্তদের মধ্যে দলটির একাধিক শীর্ষ নেতা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরাও রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অভিযোগপত্রে নাম থাকা অন্য ছয়জন হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন সূত্র জানায়, অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের ওই সহিংস ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, যার ধারাবাহিকতায় এবার মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো।


