সুদান থেকে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরবে ২০ ডিসেম্বর
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছাবে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর আবেইয়ের কাদুগলি লজিস্টিকস বেইসে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। একই ঘটনায় প্রাথমিকভাবে ৮ জন আহত হন। পরবর্তী হালনাগাদ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
আহত শান্তিরক্ষীরা বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকি সবাই বর্তমানে শঙ্কামুক্ত।
আইএসপিআর আরও জানিয়েছে, দেশে প্রত্যাবর্তনের পর নিহত ছয় শান্তিরক্ষীর মর্যাদাসম্পন্ন অন্তোষ্টিক্রিয়া কার্যক্রম আয়োজন করা হবে।


