প্রেমের টানে চীন থেকে ভোলায় তরুণ লুইজাউ, বিয়ের প্রস্তুতি পরিবারে

দেশজুড়ে
প্রেমের টানে চীন থেকে ভোলায় তরুণ লুইজাউ, বিয়ের প্রস্তুতি পরিবারে
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে প্রেমের টানে চীনের এক যুবকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফেরদৌস আক্তার (২০) নামের এক স্থানীয় তরুণীর সঙ্গে দীর্ঘ অনলাইন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রায় এক বছর পর বাংলাদেশে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা লুইজাউ।

রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই লুইজাউকে স্বাগত জানান তার প্রেমিকা ফেরদৌস, ফেরদৌসের মা মরিয়ম বেগম ও আত্মীয়রা। বিকেলে তারা সদরঘাট থেকে লঞ্চে ভোলার উদ্দেশে রওনা দেন এবং রাত ২টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকার জিন্না ডাক্তার বাড়িতে পৌঁছান।

ফেরদৌস জানান, ‘ওয়াল্ড টক’ নামের একটি অ্যাপে প্রায় এক বছর আগে লুইজাউয়ের সঙ্গে তার পরিচয়। নিয়মিত কথা বলতে বলতে দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের সিদ্ধান্ত নিলে লুইজাউ নিজেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “আমার ভালেবাসার মানুষ হাজার মাইল পাড়ি দিয়ে শুধু আমাকে বিয়ে করতে এসেছে। আমি তাকে খুব বিশ্বাস করি। তার সঙ্গে সংসার করতে চাই।”

ফেরদৌসের মা মরিয়ম বেগমও মেয়ের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা সম্পর্কের কথা আগেই জেনেছি। ছেলে বৈধভাবে দেশে এসেছে। তারা যদি সুখে থাকতে চায়, আমরা তাদের বিয়ে দিয়ে দেব।”

চীনা যুবক লুইজাউ জানান, তিনি সিচুয়ান প্রদেশের লুঝৌ এলাকার বাসিন্দা এবং চেংদু শহরে পোশাক ও জুতার ব্যবসা করেন। ফেরদৌসকে বিয়ে করে চীনেই সংসার করার পরিকল্পনা রয়েছে তাঁর। “আমি তাকে ভালোবাসি। যতদিন বাঁচব, তাকে নিয়েই জীবন কাটাতে চাই,” বলেন তিনি।

ভোলা মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, “চীনা নাগরিকের দেশে আসার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি যে তিনি বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। উভয় পরিবারের সদস্যরা থানায় এসে বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তিনি মেয়েটির বাড়িতেই অবস্থান করছেন।”