বিএনপি প্রার্থী ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ট্রেন আটকে বিক্ষোভ

দেশজুড়ে
বিএনপি প্রার্থী ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ট্রেন আটকে বিক্ষোভ
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে সরারচর বাজার প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অল্প সময়ের জন্য আটকে দেন।

পরে উপজেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন,

“বাজিতপুর-নিকলির মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। আমরা চাই, তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।”

তিনি আরও বলেন,

“বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আহ্বান—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকবো।”

বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। উপজেলা বিএনপির নেতারা দ্রুত সমর্থকদের সরিয়ে দেন, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।