মুন্সীগঞ্জে সাবেক চেয়ারম্যানের বোনের বাড়িতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

দেশজুড়ে
মুন্সীগঞ্জে সাবেক চেয়ারম্যানের বোনের বাড়িতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও শতাধিক জার উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ দল।

অভিযানে ৪০টি অবিস্ফোরিত ককটেল, শতাধিক জার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে এবং বাড়ির ভাড়াটিয়া আনোয়ার শেখের পরিচিত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় বাসিন্দা মো. নুরুল হক শেখ জানান, দুপুরে তার পরিবারের সদস্যরা পাশের চৌবাচ্চায় একটি বালতি দেখতে পান। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। অভিযান শেষে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বাদশা সিকদার বলেন,

“জাতীয় নির্বাচন সামনে রেখে এমন বিস্ফোরক সামগ্রী কেন মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়— প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারকৃত সামগ্রী ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন,

“সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তারের বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার ও তার আত্মীয় হাসানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”