চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষটি ঘটেছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন এবং জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি মো. আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে।

গত কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তিন দিন আগে আমিনুল ইসলামের সমর্থক কয়েকজনকে মারধরের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তারই জেরে মঙ্গলবার সকালে পাল্টা হামলার ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আহতদের সবাই সালাম তুহিনের সমর্থক বলে দাবি করেছেন তাদের স্বজনরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,
“এটি মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন,
“এ ধরনের সংঘর্ষ বিএনপির জন্য অস্বস্তিকর। আমি উপজেলা কমিটিকে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আমরা চাই না দলের অভ্যন্তরীণ কোন্দল সড়কে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করুক।”

ঘটনার পর সাবেক এমপি আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।