ছাত্রশিবির দেশপ্রেমিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়তে চায়: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,
“ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং তা বাস্তবায়নে দিকনির্দেশনা দেয়।”
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন,
“ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে সংগঠন সম্পর্কে জানার জন্য পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে শিক্ষক-অভিভাবক পরামর্শ দিবেন, তবে নিজেদের ভবিষ্যৎ গড়তে নিজ উদ্যোগে অগ্রসর হতে হবে।”
সভাপতি জাহিদুল ইসলাম বলেন,
“শিবিরকে নারী বিদ্বেষী হিসেবে যেভাবে তুলে ধরা হয় তা ভুল। ইসলাম নারীর অধিকার রক্ষায় যে অবস্থান নিয়েছে, ছাত্রশিবিরও ছাত্রীদের সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি আরও দাবি করেন, সংখ্যালঘু হিন্দু শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠন ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।
দেশপ্রেম নিয়ে জাহিদুল ইসলাম বলেন,
“যারা ১৫ বছর ধরে কথায় কথায় দেশপ্রেম দেখিয়ে হাজার কোটি টাকা লুট করেছে, খুন ও গুমের রাজনীতি করেছে, আমরা সেই ধরনের দেশপ্রেমিক চাই না। ছাত্রশিবির এমন নেতৃত্ব তৈরি করতে চায় যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, লুটপাট-জুলুমের বিরুদ্ধে সোচ্চার হবে।”
সাতক্ষীরা সরকারি কলেজ ও শহর শাখা ছাত্রশিবিরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:
মুহাদ্দিস আব্দুল খালেক – কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জামায়াতে ইসলামী
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল – আমির, সাতক্ষীরা জেলা জামায়াত
অধ্যাপক মো. আবুল হাশেম – অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ
ড. শাহিনুর রহমান – বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ
মো. মিয়ারাজ হোসাইন – বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ
নোমান হোসেন নয়ন – কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, ছাত্রশিবির
অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি মাসুদুজ্জামান, সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি রফিকুল ইসলাম।


