নিষেধাজ্ঞা অমান্যে ইলিশ ধরায় পিরোজপুরে জেলেকে ১৭ দিনের কারাদণ্ড

দেশজুড়ে
নিষেধাজ্ঞা অমান্যে ইলিশ ধরায় পিরোজপুরে জেলেকে ১৭ দিনের কারাদণ্ড
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

সরকার ঘোষিত ইলিশ ধরার মৌসুমী নিষেধাজ্ঞা অমান্য করে কচাঁ নদীতে মাছ শিকার করায় পিরোজপুরের কাউখালী উপজেলায় এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত জেলের নাম বেল্লাল ফকির (৩৮), বাড়ি উপজেলার বেকুটিয়া গ্রামে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, “সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও মা ইলিশ ধরা ও নদীতে জাল ফেলার অভিযোগে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তেই তার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করতে ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সকল নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে মৎস্য অধিদপ্তর।