কুয়াকাটা উপকূলে ভেসে এলো অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ

দেশজুড়ে
কুয়াকাটা উপকূলে ভেসে এলো অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি কোথা থেকে ভেসে এলো, বা কীভাবে এই ব্যক্তির মৃত্যু হলো, তা নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট এবং লাল রঙের শার্ট। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল সকালে দোকান খোলার সময় গঙ্গামতির চরে মরদেহটি দেখতে পান। তিনিই প্রথম পুলিশকে খবর দেন। জহিরুল বলেন, “সকালে দোকান খুলতে এসে দেখি লাশটি ভেসে আছে। অবস্থা দেখে ভয় পেয়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মরদেহটি গভীর সমুদ্রে ভেসে এসেছিল এবং ভাটার সময় চরে আটকে যায়।”

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তারা মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি বা অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এটি কোনো নিখোঁজ জেলের লাশ, নাকি অন্য কোনো দুর্ঘটনার শিকার—তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাটি স্থানীয় জেলে এবং পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।