উখিয়া সীমান্তে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমার থেকে প্রবেশ করেছিল চোরাকারবারিরা

দেশজুড়ে
উখিয়া সীমান্তে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমার থেকে প্রবেশ করেছিল চোরাকারবারিরা
নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের এই অভিযানের বিষয়টি বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে ১০–১২ জনের একটি দল বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজিবি সদস্যরা কৌশলে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে চোরাকারবারিরা একটি খালে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল তল্লাশি করে খালের পাড় থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬–৭ জন চিহ্নিত চোরাকারবারি রয়েছে। তাদের গ্রেপ্তারে রাতভর ও পরদিন সকাল পর্যন্ত অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান রোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাদক পাচারের প্রবণতা বাড়ায় সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি। এর আগেও বেশ কয়েকটি অভিযানে বড় পরিমাণে ইয়াবা জব্দ করা হয়েছে।