রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আগুন লাগার প্রমাণ
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার পর আমুর অঞ্চলে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আগুন লাগার প্রমাণ মিলেছে, তবে এখনো হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, ‘আঙ্গারা’ নামের একটি সাইবেরিয়ান বিমান সংস্থার ‘এএন-২৪’ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী শহর টিন্ডা অভিমুখে যাত্রা করছিল। পথিমধ্যে হঠাৎ করে বিমানটি রাডার থেকে হারিয়ে যায় এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে দেওয়া বার্তায় জানান, “বিমানটির সন্ধানে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৫ জন শিশু ছিল।”
তবে রুশ জরুরি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিমানটিতে যাত্রীসংখ্যা কিছুটা কম হতে পারে — প্রায় ৪০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি নিম্ন উচ্চতায় ওড়ার সময় আকাশে ধোঁয়া দেখা যায়। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসাবশেষে জ্বলন্ত অংশ এবং পোড়া আলামত পাওয়া গেছে। তবে প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল না অন্য কোনো কারণ ছিল — তা এখনও নিশ্চিত নয়।
বিমানবাহিনী, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমসহ বিভিন্ন বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্গম বনাঞ্চল এবং আবহাওয়ার কারণে তল্লাশি অভিযান কিছুটা ধীরগতির হলেও আশপাশের গ্রামগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।


