রাশিয়ায় বাস খাদে পড়ে ১৩ খনি শ্রমিক নিহত, আহত ২০
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সোমবার ভোরে ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প এলাকার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় এবং ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে কয়লা খনিতে কর্মরত শ্রমিকরা ছিলেন, যারা কাজ শেষে ফেরার পথে ছিলেন।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটি একটি জলাশয়ের পাশে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে, উপুড় হয়ে থাকা অবস্থায় এর চাকা আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে। সেনাবাহিনী ও জরুরি বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ইয়াকুটিয়ার গভর্নর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) পুরো অঞ্চলে শোক দিবস ঘোষণা করেছেন। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির পরিবহন ও খনিশিল্প সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতা থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাটি রাশিয়ায় খনি শ্রমিকদের পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো বলছে, দুর্গম অঞ্চলে শ্রমিক পরিবহনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বাস এবং অনিরাপদ সড়ক অব্যাহতভাবে প্রাণহানি বাড়াচ্ছে।


