টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ২৪, নিখোঁজ বহু শিশু

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ২৪, নিখোঁজ বহু শিশু
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৫

টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া। শুক্রবার রাতের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই মুহূর্তে আমরা নিশ্চিতভাবে বলতে পারি—প্রায় ২৪ জন মারা গেছেন।” নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি; স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বন্যা পরিস্থিতিকে “মারাত্মক বিপর্যয়” বলে উল্লেখ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। তিনি বলেন, “এই দুর্যোগের বিরুদ্ধে আমরা সব ধরনের উদ্ধার ও সহায়তা তৎপরতা চালিয়ে যাচ্ছি।”

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি সামার ক্যাম্পে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ২৩ থেকে ২৫ জন মেয়ে শিশু এখনো নিখোঁজ রয়েছে। বন্যার পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নেওয়ার সুযোগ পাননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

টেক্সাস পার্ক রেঞ্জার্স জানিয়েছে, তারা ইতোমধ্যে নদীর ধারের ওই ক্যাম্পে পৌঁছেছে এবং কিছু শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে সব শিশুর অবস্থান এখনও জানা যায়নি।

টেক্সাস ন্যাশনাল গার্ডের মেজর জেনারেল থমাস সুয়েলজার বলেন, “উদ্ধার অভিযানে পাঁচটি হেলিকপ্টার এবং প্রশিক্ষিত উদ্ধারকারী সাঁতারু মোতায়েন করা হয়েছে।” এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় প্রশাসনের সঙ্গে ফেডারেল ও রাজ্য পর্যায়ের বাহিনীও কাজ করছে। রাস্তা ও সেতুগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের উচ্চস্থানে আশ্রয় নিতে এবং অনুপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, সামনের ২৪ ঘণ্টায় আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।