শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করলো ইরান
যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে এখন থেকে মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে—এমন বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একইসঙ্গে, অননুমোদিত ইন্টারনেট সংযোগ ও সরঞ্জাম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির আইনসভা সর্বসম্মতিক্রমে এই আইন অনুমোদন করে, যার মূল উদ্দেশ্য—জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ও বিদেশি হস্তক্ষেপ রোধ করা।
আইনের ভাষ্য অনুযায়ী,
“যেকোনো ব্যক্তি যদি ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের পক্ষে গোয়েন্দা তথ্য প্রদান, অপারেশন পরিচালনা, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন—তাকে ‘পৃথিবীতে দুর্নীতি’র দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে।”
এছাড়া, এই আইনের আওতায় অনুমোদনহীন স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস আমদানি, ব্যবহার বা বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে জরিমানা, বেত্রাঘাত বা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আইন প্রযুক্তিগত ও তথ্য নিরাপত্তার ক্ষেত্রে কঠোর বার্তা বহন করে, বিশেষ করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে তেহরান।


