ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সংহতি
বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাল ইরান
Bangladeshi and Iranian flags. Vector illustration.
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশ, বিবৃতি ও সহানুভূতিপূর্ণ বক্তৃতার মাধ্যমে যেভাবে সংহতি প্রকাশ করা হয়েছে—তা মানবিকতা, ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের পরিচয় বহন করে।”
ইরান দূতাবাস জানায়, তাদের দেশের জনগণের প্রতিরোধ শুধুমাত্র জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ নয়, বরং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তারা আরও বলে, “আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ একটি বৈধ অধিকারই নয়, এটি একান্তভাবে একটি নৈতিক দায়িত্বও বটে।”
ইরান দূতাবাস আরও উল্লেখ করে, “সহিংসতা ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ যে মূল্যবান সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিশ্লেষকরা মনে করছেন, ইরান সরকারের এ ধন্যবাদ জানানো শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত বন্ধুত্ব জোরদারের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে।


