মেক্সিকোয় ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত ১১, আহত অন্তত ২০
মেক্সিকোর সহিংসতা কবলিত রাজ্য গুয়ানাহোয়াতোতে একটি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণে ১১ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরাপুয়াতো শহরের একটি হাউজিং কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ক্যাথলিক সম্প্রদায় সেইন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে নাচ-গান চলাকালীন আচমকা শুরু হয় গুলিবর্ষণ।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন কিশোর রয়েছে, যার বয়স মাত্র ১৭ বছর। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী হামলার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং কোনো গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বহু বছর ধরেই গুয়ানাহোয়াতো রাজ্য মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকায় মাদক চোরাচালানের রুট দখল নিয়ে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ ঘটে।
অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছে, একই দিনে রাজ্যের অন্য এলাকায় আরও পাঁচটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠান চলার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রয়টার্স জানায়, তারা ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।


