ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলা

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলা
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে। সোমবার (২৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, এই সামরিক অভিযানে অংশ নিয়েছে ১২৫টিরও বেশি সামরিক বিমান।

প্রতিরক্ষা সূত্র জানায়, “অপারেশন মিডনাইট হ্যামার” নামের এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বি-২ স্টিলথ বোমারু বিমানসহ অত্যাধুনিক যুদ্ধবিমান ও ট্যাংকার। ফোর্ডো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা। প্রতিটি বি-২ বিমান বহন করেছে দুটি করে বাংকার-ধ্বংসকারী বোমা, যেগুলোর ওজন ৩০ হাজার পাউন্ড।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, “ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের সফল অভিযান শেষ হয়েছে। আমাদের সব বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে অবস্থান করছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “জায়োনিস্ট শত্রু একটি মারাত্মক ভুল করেছে। তারা অপরাধ করেছে এবং এর উপযুক্ত শাস্তি পাবে।” তিনি জানান, ইরানের পক্ষ থেকে শাস্তির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যার জবাবে ইরানও ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’র আওতায়। ওই হামলায় নিহত হয়েছেন ৪০০-এর বেশি ইরানি নাগরিক, যাদের মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীরা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে।