ইরানে মার্কিন হামলা: পারমাণবিক স্থাপনায় হামলায় গভীর উদ্বেগে সৌদি আরব

ইরানে মার্কিন হামলা: পারমাণবিক স্থাপনায় হামলায় গভীর উদ্বেগে সৌদি আরব
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় চরম উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের অভিযান গোটা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

সৌদি মন্ত্রণালয় জানায়,

“ইরানে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে—বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়া—তা গভীর উদ্বেগজনক। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে “সব পক্ষকে সংযম অবলম্বনের” পাশাপাশি “রাজনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধানের” জন্য এখনই সময়। রিয়াদ মনে করে, যুদ্ধ বা হামলা কোনো সমাধান নয়—বরং তা আরও জটিলতা সৃষ্টি করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,

“ইরানের সামনে এখন দুটি পথ—শান্তির দিকে এগিয়ে যাওয়া, নাকি ধ্বংসের ঝুঁকিপূর্ণ রাস্তা বেছে নেওয়া।”

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ‘সিচুয়েশন রুম’ থেকে পুরো অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন। তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।

আলজাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন বোমারু বিমান থেকে চালানো হামলায় ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান এখনো হামলার ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বিশ্লেষকদের আশঙ্কা, এই হামলার জের ধরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইসরায়েল-ইরান দ্বন্দ্ব ও হিজবুল্লাহকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।