ট্রাম্পের সময় নেওয়ার কৌশলে নেতানিয়াহুর কৌশল ভেঙে পড়ছে

ট্রাম্পের সময় নেওয়ার কৌশলে নেতানিয়াহুর কৌশল ভেঙে পড়ছে
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ‘ব্যালেন্সড’ অবস্থান হতাশ করেছে তেলআবিবকে। হোয়াইট হাউজ এখনও সরাসরি সামরিক হস্তক্ষেপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কূটনৈতিক চাপে পড়েছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

ইসরায়েলি প্রভাবশালী দৈনিক হারেৎজ–এর বিশ্লেষক গিডিয়ন লেভি জানিয়েছেন, ইরানের পাল্টা আক্রমণের মুখে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধমাঠে চায়, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সময় নিতে চাইছেন।

“বর্তমান প্রেক্ষাপটে দুই সপ্তাহ সময় মানে অজানা ভবিষ্যৎ,” বলেন লেভি। “ট্রাম্প যদি কৌশলগতভাবে অপেক্ষা করেন, তাহলে এটা নেতানিয়াহুর কৌশলে বড় ধাক্কা।”

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চাপ বাড়ালেও এখনও হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ওয়ালস্ট্রিট জার্নাল ও সিবিএস–এর বরাতে জানা যায়, ইরান যদি কূটনৈতিক সমঝোতায় রাজি হয়, তাহলে সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা আত্মরক্ষায় আরও শক্ত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সূত্র বলেছে, “আমরা হোয়াইট হাউজের দরজায় মাথা নিচু করব না।”

এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা নিয়ে দেশটির জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—ঘরোয়া সমালোচনার মধ্যে থেকেও কিভাবে আন্তর্জাতিক সমর্থন আদায় করা যায়।