ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ পাকিস্তানের, মানবিক যাতায়াত সীমিত, বাণিজ্য বহাল

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ পাকিস্তানের, মানবিক যাতায়াত সীমিত, বাণিজ্য বহাল
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৫

পাকিস্তান সরকার ইরানের সঙ্গে দেশটির পশ্চিম সীমান্তের সব ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বেলুচিস্তানের পাঁচটি সীমান্তবর্তী জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ থাকছে এবং সীমান্ত বাণিজ্যে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি সোমবার (১৬ জুন) জানান, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার জেলায় সীমান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানের সঙ্গে এসব জেলার সীমান্ত রয়েছে।

চাগাইয়ের সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পাকিস্তানি ইরানে প্রবেশ করতে পারবে না। তবে যারা ইরান থেকে ফিরতে চায়, তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। এদিন ইরান থেকে প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে জানানো না হলেও, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক অবস্থান এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

গত ১৩ জুন, পাকিস্তান সরকার এক বিবৃতিতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের প্রতি সংহতি প্রকাশ করে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিশ্ববাসীকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

পাকিস্তান ও ইরান—দুই দেশেই দীর্ঘদিন ধরে ধর্মীয় বিভাজন, নিরাপত্তা উদ্বেগ ও কৌশলগত সম্পর্কের টানাপোড়েন রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে দুদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার, যা আগামীতে ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

সূত্র: আল জাজিরা