মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে
ইরান-ইসরায়েল দ্বন্দ্বে জড়ালো আন্তর্জাতিক শক্তিগুলো
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সঙ্কেত! ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলা এখন আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক শক্তিগুলোকেও সরাসরি জড়াতে হচ্ছে।
শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের অভ্যন্তরে। একাধিকবার পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় উভয় পক্ষেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। ইতিমধ্যে যুক্তরাজ্য সহায়তার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানান, ইসরায়েল তাদের কাছে জরুরি দমকল সরঞ্জাম চেয়েছে, যা দ্রুত সরবরাহ করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এই যুদ্ধ যাতে আর বিস্তৃত না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মাধ্যমে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। তারা বলেছে, “ইরান ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান নিয়েছে, তা প্রশংসনীয়।” ইসরায়েলি হামলায় ইরানের সেনা কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় তারা শোকও জানিয়েছে।


