বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ভয়াবহ রাত: ৮ নিহত, আহত ২০০, বহু নিখোঁজ

ডেস্ক রিপোর্ট।।

শনিবার দিবাগত রাতে ইরান থেকে ছোড়া ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলজুড়ে নেমে আসে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২০০-র বেশি। এখনো পর্যন্ত অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বাত ইয়াম শহরের একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ধসে পড়ে ভবনের একটি বড় অংশ। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন, যাদের মধ্যে রয়েছে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা, দুই শিশু এবং ৬৯ বছর বয়সী এক নারী।

হামলার সময় ভবনে বহু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানায়, রেহোভোট, বাত ইয়াম ও তামরা শহরে আহতের সংখ্যা বাড়ছেই। বহু আহতের অবস্থা আশঙ্কাজনক। জরুরি চিকিৎসাসেবা দিয়ে ব্যস্ত হাসপাতালগুলোতে উপচে পড়ছে আহত মানুষের ভিড়।

রেহোভোটে অবস্থিত বিশ্বখ্যাত ওয়েইজম্যান ইনস্টিটিউট ফর সায়েন্সের একটি ল্যাব ভবনে সরাসরি আঘাত হানায় লেগে যায় আগুন। ভবনের কিছু অংশে ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে, তবে ভবনের ভেতরে আটকে পড়া লোকজনের সন্ধানে অভিযান চলছে।

ইসরাইলের উত্তরের শহর তামরায় ক্ষেপণাস্ত্র আঘাতে একই পরিবারের চারজন নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মানার খাতিব এবং তাঁর দুই কন্যা হালা (২০) ও শাদা (১৩)। অপর নিহত সদস্যের নামও মানার বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, এ ধরনের হামলার জন্য তাদের “চরম মূল্য” দিতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন