বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বেঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে পদদলিত: ১১ জন নিহত, আহত ৫০

ডেস্ক রিপোর্ট।।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের আইপিএল ২০২৫ শিরোপা জয়ের উদযাপনে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত বিজয় মিছিলে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরসিবির প্রথম আইপিএল শিরোপা জয়ের পর, দলের সমর্থকরা স্টেডিয়ামের বাইরে বিজয় মিছিলের আয়োজন করেন। হাজারো সমর্থক মিছিলে অংশ নেন, যার ফলে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ অবস্থায় পদদলিতের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ আহত ও অচেতন ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছে।

কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “জনতার ভিড় সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করেছিলাম। এটি ছিল তরুণ ও উদ্দীপ্ত জনতা। তাদের ওপর লাঠিচার্জ করাও সম্ভব নয়।” তিনি আরও বলেন, “অতিরিক্ত ভিড়ের জন্য দুঃখিত।”

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আরসিবির বিজয় উদযাপন মুহূর্তে এই মর্মান্তিক ঘটনা শহরে শোকের ছায়া ফেলেছে।

এই ঘটনায় আরসিবির বিজয় উদযাপন মিছিল বাতিল করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে ভবিষ্যতে এ ধরনের বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন