শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

“আওয়ামী লীগের পথ অনুসরণ করলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না—অ্যাটর্নি জেনারেল”

ডেস্ক রিপোর্ট।।

জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের সুপারহিরো হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল।’ তিনি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘তারা যদি আবারও আওয়ামী লীগের পথে হাঁটেন, তাহলে ইতিহাস তাদেরও ক্ষমা করবে না।’

আজ (বুধবার) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে ‘দ্য হিরোজ অব ঝিনাইদহ’ স্লোগানে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, ‘২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে ৭০০ জন গুম হয়েছেন, প্রায় সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, এবং ৬০ লাখ মানুষকে গায়েবি মামলায় হয়রানি করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতা নেওয়ার পর কেউ গুমের শিকার হয়নি, পুলিশ বাদী হয়ে একটিও গায়েবি মামলা করেনি।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছেন।’ তিনি রাজনৈতিক সংগঠনগুলোর নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা অসহিষ্ণু কথাবার্তা বলেন, একে অপরকে অশ্রদ্ধা করেন, তাদের কারণে জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া, অনুষ্ঠানে ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ও অংশগ্রহণকারী রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন