বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“তৃতীয় বিশ্বযুদ্ধই হতে পারে সত্যিকারের বিপদ” — ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি মেদভেদেভের

ডেস্ক রিপোর্ট।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র সমালোচনার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা স্মরণ করিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি এবং বর্তমানে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন,

“ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’। আমি বলবো, সত্যিকারের বিপদ একটাই—আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি, ট্রাম্প এটা বুঝতে পেরেছেন।”

এই মন্তব্য আসে এমন এক সময়, যখন সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আঙ্কারায় অনুষ্ঠিত শান্তি আলোচনা চলার মধ্যেই ইউক্রেন রাশিয়ার একাধিক শহরে হাজারের বেশি ড্রোন হামলা চালায়, যার জবাবে রাশিয়াও পাল্টা হামলা করে।

এই পাল্টা আক্রমণে ইউক্রেনে ১৩ জন নিহত হন।

এ ঘটনার পরই ট্রাম্প সরাসরি পুতিনকে দায়ী করে বলেন,

“পুতিন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি বুঝছেন না যে আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ‘সত্যিকার অর্থেই খারাপ’ কিছু ঘটে যেত।”

ট্রাম্পের বক্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই মেদভেদেভ তার হুমকি-সদৃশ প্রতিক্রিয়া দেন। দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভের এই বক্তব্যকে রাশিয়ার অবস্থানের অনানুষ্ঠানিক সতর্কবার্তা বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কে এই দিমিত্রি মেদভেদেভ?

  • রাশিয়ার রাষ্ট্রপতি (২০০৮–২০১২) ও প্রধানমন্ত্রী (২০১২–২০২০) ছিলেন।

  • বর্তমানে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান পদে দায়িত্ব পালন করছেন।

বিশ্লেষকদের মতে, এই বার্তা রাশিয়ার পক্ষ থেকে একটি কূটনৈতিক কৌশল, যাতে ট্রাম্পের আগ্রাসী কণ্ঠকে প্রতিহত করা যায় এবং শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থানকে দৃঢ় রাখা যায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন