শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

পার্বতীপুরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

ডেস্ক রিপোর্ট।।

দিনাজপুরের পার্বতীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় দুই টেকনিশিয়ান প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার জগন্নাথপুরের রবিউল ইসলাম (২৫) ও রাজনগরের সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজনেই বেলাইচন্ডি এলাকার সিওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছুটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনেই নিহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান।

ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক-সহকারীকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।”

পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কটিতে ভারী যানবাহনের চলাচল বৃদ্ধি এবং গতি নিয়ন্ত্রণের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন