শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Logo

আইনশৃঙ্খলায় নজর নেই, বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: জুবায়ের

নিউজ ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোযোগ না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছেন। এটি তার নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে দেশে নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খুন, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিরোধী দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জুবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছে এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির আওতায় রাখার চেষ্টা করছে জামায়াত। এ অবস্থায় দলটিকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য ও নিন্দনীয়।

জুবায়েরের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমের সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। ফলে দলটির লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পালনে উৎসাহিত করে। একই সঙ্গে অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিষোদ্গার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার এবং সংগঠনের চলমান কার্যক্রমেও এর প্রতিফলন রয়েছে। জামায়াত দেশে কোনো ধরনের বিভক্তিকে প্রশ্রয় দেয় না; বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জুবায়ের আরও অভিযোগ করেন, ইসলামী পরিবেশে গেলেই তিনি নিজেকে বড় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেন। অথচ জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন। এ ধরনের বক্তব্যকে ‘ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো’ বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ধরনের বক্তব্য পরিহার করে নিজের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন