গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে বিএনপি সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের গণরায় উপেক্ষা করছে।
শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধা জেলা পরিষদের হলরুমে এনসিপির জেলা শাখা আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অতীতেও অনেকেই গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, তবে কেউই স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপিও এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে না পারার পরিস্থিতি তৈরি হলেই বিএনপি ঐক্যের কথা বলছে। অথচ দলটি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন নাহিদ। তাঁর মতে, এ কারণেই আওয়ামী লীগ মাঠে নামার সাহস পাচ্ছে।
বিএনপির বিরুদ্ধে দেশজুড়ে রাজনৈতিক আপস ও মামলা-বাণিজ্যের অভিযোগও তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির এই অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত।
এ প্রসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ের রাজনৈতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া ছিল ঐতিহাসিক ভুল। সেই ভুলের জন্য বিএনপিকে মূল্য দিতে হয়েছিল। অতীতের ইতিহাস থেকে তারেক রহমানের শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম জানান, এ লক্ষ্য সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

