শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি, থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের জাতীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

একই দিন বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এর সূচনা করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রা করবে দলটি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ নভেম্বর শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সকাল ১১টায় কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা হবে। একই দিন বিকেল ৩টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ১০ নভেম্বর যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। অন্যদিকে ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এসব কর্মসূচি দলের যৌথসভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন