বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

নিউজ ডেস্ক

ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ, ওষুধ সরবরাহ এবং চীনের রাজনৈতিক সমর্থন বিবেচনায় নিয়ে দেশগুলোর জাহাজকে এ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম।

তিনি বলেন, বর্তমানে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজ হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধের বাইরে রয়েছে। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করতে পারছে। এমনকি যুক্তরাষ্ট্রও তাদের জাহাজ চলাচলে বাধা দিচ্ছে না।

মোগাদ্দাম জানান, চারটি দেশকে ছাড় দেওয়ার পেছনে রয়েছে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ ও বিশেষ কিছু বিবেচনা। ভারতের ক্ষেত্রে ওষুধ সরবরাহকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, চীনের জাহাজ চলাচলে ছাড় দেওয়ার অন্যতম উদ্দেশ্য বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা।

তিনি আরও জানান, ভারত ও চীনের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে নির্ধারিত ফি দিতে হচ্ছে। তবে কাতারের জাহাজ বিনা মূল্যে চলাচলের সুযোগ পাচ্ছে। ইরাকের জাহাজের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরু জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রাণঘাতী হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি ঘটে। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান, যা পরে বিস্তৃত সংঘাতে রূপ নেয়। হামলা শুরুর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে দেশটির ২৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন নাবিক। এ ছাড়া কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলায় আরও পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন