বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মদিনা অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি

নিউজ ডেস্ক

সৌদি আরবের মদিনা অঞ্চলের দিকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে হুতিবিরোধী অভিযান পরিচালনাকারী জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি প্রতিহত ও ধ্বংস করেছে।’

এ ঘোষণার কয়েক মিনিট আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরের আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা এবং ওই সতর্কবার্তার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে হুতি বিদ্রোহীরা একাধিকবার জানিয়েছে, সৌদি আরবের বিরুদ্ধে তাদের চলমান অভিযানে ইসলাম ধর্মের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করা হবে না।

তবে বিভিন্ন সময়ে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হুতিদের হামলার খবর পাওয়া গেছে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ঘটনা নিয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন